শনিবার, ২ মে, ২০২৬

প্যারিসে প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন 


ফ্রান্স প্রতিনিধি photo ফ্রান্স প্রতিনিধি
প্রকাশিত: ১-৫-২০২৬ বিকাল ৭:৮

ফ্রান্সের রাজধানী প্যারিসে এ অনুষ্ঠিত হলো এক ব্যতিক্রমধর্মী সাংস্কৃতিক সন্ধ্যা, যেখানে প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন মিলেমিশে তৈরি করে এক অনন্য আয়োজন। শহরের পরিচিত সাংস্কৃতিক ভেন্যু লা ক্যামিলিয়েন-এ আয়োজিত এ অনুষ্ঠানে প্রবাসে বাংলা সংস্কৃতির প্রাণবন্ত উপস্থিতি চোখে পড়ে।

অনুষ্ঠানের সূচনা হয় নির্মাতা প্রকাশ রায় ও জয় ব্যানার্জির নির্মিত প্রামাণ্যচিত্র “লা ভি ফ্লোত্তান্তে (ভাসমান জীবন)” প্রদর্শনের মাধ্যমে। বাংলাদেশের বেদে সম্প্রদায়ের জীবনভিত্তিক এই তথ্যচিত্রে নদীনির্ভর ভ্রাম্যমাণ জনগোষ্ঠীর সংগ্রাম, সংস্কৃতি ও পরিবর্তনশীল বাস্তবতা তুলে ধরা হয়। চিত্রটির বাস্তবধর্মী উপস্থাপনা দর্শকদের যেমন আবেগতাড়িত করেছে, তেমনি সমাজ-বাস্তবতা নিয়ে নতুন করে ভাবার সুযোগও তৈরি করেছে।

প্রদর্শনী শেষে নির্মাতাদের উপস্থিতিতে একটি আলোচনা পর্ব অনুষ্ঠিত হয়। দর্শকদের প্রশ্ন ও মতামতের মাধ্যমে প্রামাণ্যচিত্রটির বিভিন্ন দিক নিয়ে প্রাণবন্ত আলোচনা গড়ে ওঠে। এতে বেদে সম্প্রদায়ের জীবনযাত্রার পরিবর্তন, সামাজিক অবস্থান ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে গুরুত্বপূর্ণ মতামত উঠে আসে।

এ প্রসঙ্গে নির্মাতা প্রকাশ রায় বলেন, বাংলাদেশের গ্রামীণ সমাজে বেড়ে ওঠা মানুষের কাছে বেদে সম্প্রদায়ের জীবনযাপন বরাবরই কৌতূহলের বিষয়। তবে সময়ের সঙ্গে সঙ্গে সামাজিক ও অর্থনৈতিক পরিবর্তনের প্রভাব এই জনগোষ্ঠীর জীবনেও গভীরভাবে পড়ছে। সেই পরিবর্তনের মধ্য দিয়ে একটি প্রান্তিক জনগোষ্ঠী কীভাবে টিকে থাকার লড়াই চালিয়ে যাচ্ছে—এই বাস্তবতাকে সামনে আনতেই প্রামাণ্যচিত্রটি নির্মাণ করা হয়েছে। তিনি আরও জানান, ভবিষ্যৎ প্রজন্মের কাছে বেদে সম্প্রদায়ের ঐতিহ্যবাহী জীবনধারা তুলে ধরার প্রয়াসও এতে রয়েছে।

প্রামাণ্যচিত্র প্রদর্শনের পর শুরু হয় বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন। কবিতা, সংগীত ও নৃত্যের সমন্বয়ে পুরো অনুষ্ঠানস্থল রূপ নেয় এক বর্ণিল সাংস্কৃতিক মঞ্চে। প্রবাসী বাংলাদেশি সংস্কৃতিকর্মীদের পাশাপাশি বিপুলসংখ্যক ফরাসি দর্শকের উপস্থিতি আয়োজনটিকে আন্তর্জাতিক মাত্রা দেয়।

সাংস্কৃতিক পরিবেশনায় সংগীত ও কবিতার মাধ্যমে দর্শকদের মুগ্ধ করেন কণ্ঠশিল্পী আরিফ রানা, কুমকুম সৈয়দা, মৌসুমি চক্রবর্তী, পাপিয়া পাল, নেভি তালুকদার ও সোমতীর্থা বাসু মুখার্জি। আবৃত্তিতে অংশ নেন সাইফুল ইসলাম ও অর্পিতা রায়। এছাড়া নৃত্য পরিবেশন করেন নৃত্যশিল্পী শরিফুল ইসলাম ও তাঁর শিক্ষার্থীরা, যাদের পরিবেশনা দর্শকদের ব্যাপকভাবে আকৃষ্ট করে।
অনুষ্ঠানের একটি উল্লেখযোগ্য দিক ছিল বিদেশি দর্শকদের মধ্যে বাংলা সাহিত্য ও সংস্কৃতির প্রতি ক্রমবর্ধমান আগ্রহ, যা প্রবাসী বাংলাদেশিদের জন্য গর্বের বিষয় হয়ে উঠেছে।

অনুষ্ঠান শেষে উপস্থিত দর্শকরা প্রামাণ্যচিত্রের নির্মাতা ও সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান। একই সঙ্গে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তারা জানান, প্রবাসে বাংলা সংস্কৃতির এমন ধারাবাহিক চর্চা ভবিষ্যতেও অব্যাহত থাকবে—এটাই সবার প্রত্যাশা।

Parisreports / Parisreports

প্যারিসে প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন 

ইতালিতে বড় ভাইয়ের হাতে খুন ছোট ভাই

প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’

থাইল্যান্ডে রিসোর্ট থেকে ২১ বাংলাদেশি গ্রেপ্তার

বাংলাদেশের এক প্রবাসীর সংগ্রাম ও প্রতিষ্ঠা

জলবায়ু সংকট মোকাবিলায় প্যারিসে 'চেঞ্জ নাউ' সম্মেলন

ফ্রান্সে পালিত হলো বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস

পর্তুগালে সড়ক দুর্ঘটনায় প্রবাসী যুবকের মৃত্যু

কুয়েতের বাইরে থাকা প্রবাসীদের ভিসার মেয়াদ বাড়ল ৩ মাস

বাহরাইনে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত

ড্রোন হামলায় আহত ৪ বাংলাদেশিকে দেখতে যান -কুয়েতের রাষ্ট্রদূত 

অসহায় পরিবারকে বসতঘর দিলো সাফ

এইচআরসি এ্যাওয়ার্ড পদকের জন্য মনোনীত সাংবাদিক এনায়েত সোহেল