শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬

চিকিৎসককে ফাঁদে ফেলে মারধর ও লুট


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৬-১১-২০২৬ বিকাল ৫:৪৯

এক চিকিৎসককে মারধর ও তার কাছ থেকে মুঠোফোনসহ বিভিন্ন সামগ্রী ছিনিয়ে নেওয়ার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন মালয়ালম সিনেমার দুই তারকা। বৃহস্পতিবার (০৫ নভেম্বর) তাদের সঙ্গে আরও একজনকে গ্রেপ্তার করা হয়।

অভিনেতা বিবিন পেরুমপল্লি ও অভিনেত্রী অতুল্য চন্দ্রকে গ্রেপ্তার করেছে ভারতের কেরালা রাজ্যের কোচি পুলিশ। জানা গেছে, ওই চিকিৎসককে মারধর ও তার কাছ থেকে প্রায় ৩ লাখ ২৫ হাজার রুপি মূল্যের মুঠোফোনসহ বিভিন্ন সামগ্রী ছিনিয়ে নেওয়ার অভিযোগে রয়েছে তাদের নামে।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, ২ নভেম্বর কোচির ভিট্টিলা এলাকার একটি অ্যাপার্টমেন্টে এ ঘটনা ঘটে। ৪১ বছর বয়সী ওই চিকিৎসকের অভিযোগ, অতুল্য চন্দ্র তাকে ফোন করে জানান, তার এক আত্মীয় অসুস্থ।

জরুরি চিকিৎসার প্রয়োজন। আগে থেকে পরিচিত হওয়ায় চিকিৎসক সেখানে যেতে রাজি হন। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে অ্যাপার্টমেন্টে পৌঁছে তিনি দেখতে পান, সেখানে প্রায় ১২ জন অপেক্ষা করছেন। অভিযোগ অনুযায়ী, সেখানে যাওয়ার পর তাকে ঘিরে ধরে মাদক প্রয়োগ করে ওই নারীকে যৌন নিপীড়নের অভিযোগ তোলেন উপস্থিত ব্যক্তিরা। একপর্যায়ে তাকে আটকে রেখে মারধর করা হয়।

চিকিৎসকের অভিযোগ, বিবিন পেরুমপল্লি প্রথমে তার মুখে আঘাত করেন। পরে অন্যরাও মারধরে যোগ দেন। অতুল্য চন্দ্র তাকে গালিগালাজ ও হত্যার হুমকি দেন বলেও অভিযোগ করেছেন তিনি।

এ সময় চিকিৎসকের কাছ থেকে দুটি মুঠোফোন, একটি স্মার্টঘড়ি ও ওয়্যারলেস ইয়ারফোন নিয়ে নেওয়া হয়। এসব সামগ্রীর মোট মূল্য প্রায় ৩ লাখ ২৫ হাজার রুপি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় ওই চিকিৎসক কোচির কদাভানথ্রা থানায় ১২ জনকে আসামি করে মামলা করেন। মামলায় বিবিন পেরুমপল্লিকে এক নম্বর এবং অতুল্য চন্দ্রকে তিন নম্বর আসামি করা হয়েছে। তাদের সঙ্গে আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অন্য অভিযুক্ত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। চিকিৎসককে ফাঁদে ফেলে সেখানে ডেকে নেওয়া হয়েছিল কি না, সেই সম্ভাবনাসহ বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে। তবে তদন্ত শেষ হওয়ার আগে এ বিষয়ে কোনো সিদ্ধান্তে পৌঁছাতে চাইছে না পুলিশ। 

Parisreports / Parisreports