এসআরবির মহাপরিচালক হলেন ফারুক আহমেদ
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন সাত কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। এর মধ্যে হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদকে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) মহাপরিচালক (অতিরিক্ত আইজিপি) হিসেবে পদায়ন করা হয়েছে। তিনি বিদায়ী মহাপরিচালক মো. আহসান হাবীব পলাশের স্থলাভিষিক্ত হচ্ছেন।
মঙ্গলবার (৩ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
প্রজ্ঞাপন অনুযায়ী, এসআরবির মহাপরিচালক মো. আহসান হাবীব পলাশকে পুলিশ অধিদফতরের অতিরিক্ত আইজিপি হিসেবে পদায়ন করা হয়েছে। পুলিশ অধিদফতরের অতিরিক্ত আইজিপি মো. সায়েদুর রহমানকে হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি করা হয়েছে। শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত আইজিপি গাজী জসীম উদ্দিনকে রাজারবাগে পুলিশ টেলিকম সংস্থার অতিরিক্ত আইজিপি হিসেবে পদায়ন করা হয়েছে।
এ ছাড়া গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার (ডিআইজি) মো. ইসরাইল হাওলাদারকে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি দিয়ে শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত আইজিপি হিসেবে পদায়ন করা হয়েছে। রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আশিক সাঈদকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার (ডিআইজি) এবং রেলওয়ে পুলিশের ডিআইজি মীর আশরাফ আলীকে রাজশাহী রেঞ্জের ডিআইজি করা হয়েছে।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্ত করে বাংলাদেশ পুলিশের অধীনে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) গঠন করা হয়েছে। গত ১০ সেপ্টেম্বর জাতীয় সংসদে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন বিল, ২০২৬ পাস হয়। ১৫ সেপ্টেম্বর স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন আইন, ২০২৬-এর গেজেট প্রকাশিত হয়। পরদিন ১৬ সেপ্টেম্বর থেকে নতুন নামে কার্যক্রম শুরু করে বাহিনীটি। র্যাবের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করা অতিরিক্ত আইজিপি মো. আহসান হাবীব পলাশ নতুন বাহিনীটির প্রথম মহাপরিচালক হন।
আহসান হাবীব পলাশ ২৮ মার্চ র্যাবের মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তিনি ১৫তম বিসিএস (পুলিশ) ক্যাডারের কর্মকর্তা। কর্মজীবনে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি), চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি), সিলেট মহানগর পুলিশ (এসএমপি) ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া জাতিসংঘের শান্তিরক্ষা মিশনেও কাজ করেছেন তিনি।
নতুন আইন অনুযায়ী, এসআরবির প্রধান দায়িত্ব দেশের জননিরাপত্তা রক্ষা, সন্ত্রাসবাদ ও সংঘবদ্ধ অপরাধ দমন। এ ছাড়া অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধার, মাদক ও সাইবার অপরাধের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, গুম, ভূমিদস্যুতা, নারী ও শিশু নির্যাতন, মানবপাচার ও অপহরণের মতো অপরাধ মোকাবিলা বাহিনীটির দায়িত্বের মধ্যে রয়েছে। আইনশৃঙ্খলা-সংক্রান্ত গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তার দায়িত্বও দেওয়া হয়েছে।
Parisreports / Parisreports
বিপ্লব ও সংহতি দিবসে ৬ ঘণ্টা টোল ফ্রি থাকবে এলিভেটেড এক্সপ্রেসওয়ে
স্পেন, জার্মানি ও হংকংয়ে চালু হচ্ছে এনআইডি সেবা
এসআরবির মহাপরিচালক হলেন ফারুক আহমেদ
দাম্মামে ফিরছে বিমানের ফ্লাইট, আপাতত বন্ধ রিয়াদ রুট
শ্রমিক-পুলিশ সংঘর্ষ, সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ
রাজধানীর ৬ রুটে একক কোম্পানির বাস চালু রোববার
বাড়িতে মাদক-ডিজে পার্টি, অতিরিক্ত ডিআইজি জহির সাময়িক বরখাস্ত
সাজেক পর্যটন সড়কের অবরোধ ১২ ঘণ্টার জন্য শিথিল
পারমাণবিক বিদ্যুতের যুগে প্রবেশ করলো বাংলাদেশ
অটিজমে অসামান্য অবদান, দুই সম্মাননায় ইয়াশা সোবহান
জাপানি কোম্পানিগুলো বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী : তারো আসো
পদোন্নতি পেতে যাচ্ছেন পুলিশের ৪৯২ কর্মকর্তা