সোমবার, ২২ জুন, ২০২৬

সেনানিবাসে খালেদা জিয়া, প্রধান উপদেষ্টার সঙ্গে একান্ত আলাপ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২-১১-২০২৫ সকাল ৫:২৭

সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা সেনানিবাসে পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। শুক্রবার (২১ নভেম্বর) বিকেল ৪টায় রাজধানীর গুলশানের বাসভবন ফিরোজা থেকে তিনি রওনা হয়ে সাড়ে ৪টার পর সেনাকুঞ্জে পৌঁছান।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান জানান, খালেদা জিয়া সেনাকুঞ্জে পৌঁছার পর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে একান্তে কয়েক মিনিট কথা বলেন।

তবে, খালেদা জিয়া ও প্রধান উপদেষ্টার আলাপের বিষয়বস্তু কী ছিল তা জানাননি শায়রুল কবির খান।

এদিকে, প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানের সাইডলাইনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া পারষ্পরিক সৌজন্য বিনিময় করেছেন।

প্রধান উপদেষ্টা এসময় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থার বিষয়ে খোঁজ নেন এবং তার সুস্থতা কামনা করেন।

বিএনপি চেয়ারপারসন প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান। তিনি প্রধান উপদেষ্টার সহধর্মিণী আফরোজী ইউনূসের শারীরিক অবস্থার খোঁজ নেন এবং শুভকামনা জানান।

এসময় খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্রবধূ সৈয়দা শর্মিলা রহমান উপস্থিত ছিলেন।

Parisreports / Parisreports